মতলব উত্তরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, দাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে সোমবার রাত সাড়ে ১১টার পর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা, দাফনের কাপড় এবং হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগী চেয়ারম্যান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ ঘটনায় আমি থানায় একটি জিডি করেছি।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া চিরকুটে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে নানা হুমকিমূলক লেখা রয়েছে। চিরকুটে লেখা ছিল:
মফিজ আলম মুন্না (দালাল মুন্না), তুই যা খাওয়ার খাইয়া লইস, যা করার কইরা লইস, তুই আগুন নিয়ে খেলছত দ্রুত এত তো তোর পুরবই। চাইছিলাম তোরে কাফন ছাড়া দাফন দিমু, কিন্তুনা উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু, তাই আজ তোর বাড়িতে পায়ের ধুলো দিয়ে গেলাম। কখনো ভাবিনি তোর সাথে এমন হবে।

রাস্তা দেখায় তার সাথেই গাদ্দারি করস, মুরব্বি মানছছ, চেয়ারম্যান হইছস, পরবর্তিতে চেয়ারম্যান তো দূরের কথা চাকদারও হতে পারবি কি না সন্দেহ। তোর জানাযা মানুষ পড়তে পারে কিনা এবং তোর বডি মানুষ খুঁজে পায় কি না তা সন্দেহ। তোর জন্য আমার একটা সৈনিকই যথেষ্ঠ। ইতি বুঝে নিস, সাবধান!

মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা অনেকে রাতেও ঘর থেকে বের হতে পারছেন না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ নজরদারি রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন