মতলবে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে শ্যালো মেশিনের সংযোগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে বলে মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

পুলিশ বলছে, রাসেল ও তার মা বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে নতুন ভিটাবাড়িতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে যান। এ সময় তারা বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা তাদের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি হাফিজুর রহমান জানান।

প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন