মতলব উত্তরে এক হালি লেবুর দাম ১৪০ টাকা: বাজারে সংকট, ক্ষোভ ক্রেতাদের

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সবজির বাজারে কয়েক দিন ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু। বর্তমানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়, যা স্বাভাবিক দামের তুলনায় তিন গুণেরও বেশি।

রবিবার ও সোমবার সকালে উপজেলার ছেংগারচর কাঁচা বাজার ঘুরে দেখা যায়, কয়েকটি দোকানে অল্প পরিমাণ লেবু রয়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা দরদাম করেও কিনছেন না; কেউ কেউ দাম শুনেই ফিরে যাচ্ছেন। রোজার আগে হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাজারের বিক্রেতারা বলছেন, লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ছেংগারচর বাজারের দোকানি শাহজালাল, খায়ের খান এবং সুজাতপুর বাজারের মো. হালিম, মো. মোবারক ও মো. মন্জু হোসেন জানান, বাজারে চাহিদা বেশি থাকলেও মোকাম থেকে পর্যাপ্ত লেবু পাওয়া যাচ্ছে না। আগে সিলেট অঞ্চল থেকে নিয়মিত লেবু আসত, কিন্তু এখন সেই সরবরাহও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী পণ্য না আসায় দাম বেড়েছে।
উপজেলার এক গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে আগুন। দুই দিন ধরে বাজারে এসে একটা লেবুও কিনতে পারিনি। এত দাম দিয়ে সাধারণ মানুষ কীভাবে কিনবে?
এ বিষয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে। লেবুর দাম কেন বেড়েছে, তা খতিয়ে দেখা হবে।
স্থানীয়দের আশঙ্কা, রমজান সামনে রেখে যদি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে লেবুর দাম আরও বাড়তে পারে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()





















