আর নেই হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন নবী

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বলিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের কৃতী সন্তান মো. আওলাদ হোসেন নবী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কথা জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আওলাদ হোসেন নবী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবা ও মানবিক কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার পরিচিতি ও সুনাম ছিল।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের পক্ষ থেকে চাঁদপুর জেলাসহ হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে মরহুম আওলাদ হোসেন নবীর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 2






















