ফরিদগঞ্জে ইতমিনান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি :
শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে ইতমিনান ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলার একমাত্র কেন্দ্র হিসেবে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রুস্তমপুর আইডিয়াল নূরানী ও হিফজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইতমিনান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সমন্বয়ক হাফেজ মাওলানা আবদুল মতিন, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ রুস্তমপুর আইডিয়াল নূরানী ও হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন বাচ্চু, পরীক্ষা নিয়ন্ত্রক ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. ইয়াছিন গাজী, ডাক্তার মো. ইসহাক, দাতা সদস্য মো. আলিম উদ্দিন, বদিউজ্জামালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কাফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, সারা দেশের প্রায় ৪০০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এই বৃত্তি পরীক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন, তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। চাঁদপুরের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জেনারেল শিক্ষার সঙ্গে হিফজুল কোরআনের সমন্বয়ে ইতমিনান বৃত্তি পরীক্ষায় কেবল সেইসব শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা ইতমিনান কারিকুলাম অনুসরণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। ইতমিনান কারিকুলামের অন্যতম বিশেষত্ব হলো ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা। এই কারিকুলামের আওতায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পরিকল্পিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
পরবর্তী ধাপে ষষ্ঠ শ্রেণি থেকে কওমি মাদ্রাসার শিক্ষাক্রম এবং জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন দ্বীনি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে, অন্যদিকে সাধারণ শিক্ষার ক্ষেত্রেও নিজেদের যোগ্য করে গড়ে তোলার সুযোগ পায়।
মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে ইতমিনান ফাউন্ডেশন। ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে প্রত্যাশী।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 5






















