মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন করা হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কের ২৫০০ মিটার চেইনেজে এই সেতুটি নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

​দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হতো, যা বর্ষা মৌসুমে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত। নতুন এই সেতু নির্মিত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পাশাপাশি যাতায়াতের নিরাপত্তাও নিশ্চিত হবে।

​এছাড়া, স্থানীয় কৃষি ও মৎস্যজাত পণ্যসহ বিভিন্ন ব্যবসায়িক মালামাল দ্রুততম সময়ে উপজেলা সদর ও জেলা শহরের বাজারগুলোতে পরিবহন করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।

​প্রকল্পটি অনুমোদনের খবরে মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

একনেকে অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আজিম মিশু বলেন, জনগুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের অনেক উপকার হবে। একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এর প্রতি মতলব উত্তর উপজেলার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি দ্রুত বাস্তবায়ন হবে বলে বিশ্বাস করি।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন