হাজীগঞ্জে রাতের আঁধারে নির্মিত অবৈধ দোকান এমপির নির্দেশে উচ্ছেদে প্রশংসায় পঞ্চমুখ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রাতের আঁধারে নির্মিত একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশনায় শনিবার (২১ নভেম্বর) ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গভীর রাতে এক ব্যক্তি হাজীগঞ্জ বাজারের মুন্সি প্লাজা ও পৌর বিপণি বিতান এর মাঝখানের স্থানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেন। রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করে তিনি ওই স্থানটি দখলে নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে বিষয়টি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নজরে আসে।
এ অবস্থায় বাজারের শৃঙ্খলা, স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অবৈধ স্থাপনাটি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানঘরটি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. উমর ফারুক সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, কোষাধ্যক্ষ মো. মহসিন মিয়াজী, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজিব, বাণিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ ও জায়গা দখলের ঘটনা বাজারের স্বাভাবিক পরিবেশ এবং ব্যবসায়িক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী সমিতির কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এ উদ্যোগকে বাজারের শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও বাজারের কোনো স্থানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা হলে তা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















