মতলবে ইউপি বৈঠকে সদস্য অনুপস্থিত, দ্বন্দ্বের আভাস

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে জাটকা সংরক্ষণে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির (বিশেষ ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ ঘিরে ইউনিয়ন পরিষদের অভ্যন্তরেই দেখা দিয়েছে চরম অস্থিরতা। বিতরণে অনিয়মের তদন্তকে সামনে রেখে ইউনিয়ন পরিষদে ডাকা জরুরি বৈঠকে প্যানেল চেয়ারম্যান মো. খলিল ছাড়া অন্য কোনো ইউপি সদস্য উপস্থিত না থাকায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল ও মে মাসে জাটকা আহরণে বিরত থাকা ইসলামাবাদ ইউনিয়নের ৪৬০ জন নিবন্ধিত জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ করা হয়। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, তারা ৬৫ থেকে ৭০ কেজির বেশি চাল পাননি। এ বিষয়ে অভিযোগের তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সরকার মুকুল এবং তার অনুসারীদের দিকে।
বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ২৬ জুন ২০২৫, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির স্বাক্ষরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসকে আহ্বায়ক, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে সদস্য এবং ইসলামাবাদ ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদকে সদস্য-সচিব করা হয়।
তদন্ত কমিটির ইউনিয়ন পরিদর্শনের আগেই চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল পরিষদের সদস্যদের নিয়ে একটি সমন্বয় সভা আহ্বান করেন। তবে অভিযোগ উঠেছে, বৈঠকে শুধুমাত্র প্যানেল চেয়ারম্যান মো. খলিল উপস্থিত থাকলেও বাকি কোনো সদস্যই আসেননি। এ নিয়ে পরিষদের ভেতরেই দ্বন্দ্ব এবং অসহযোগিতার অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল বলেন, ভবিষ্যৎ জবাবদিহিতার অংশ হিসেবে আমি সকল সদস্যকে নিয়ে বসতে চেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে তারা আসেননি। এটি পরিষদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করে।
অপরদিকে ইউপি সদস্যদের একাংশের দাবি, চাল বিতরণে আমাদের সম্পৃক্ত রাখা হয়নি, বরং কিছু অনিয়ম আমরা নিজেরাও লক্ষ্য করেছি। এসব বিষয়ে প্রশ্ন করলে আমাদের প্রতি অসহিষ্ণু আচরণ করা হয়েছে। তাই ওই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিই।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, তদন্ত চলছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের দুর্যোগকালীন সহায়তা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ শুধু দুঃখজনক নয়, তা জনগণের আস্থা হারানোরও কারণ হয়ে দাঁড়ায়। তদন্ত কমিটির নিরপেক্ষতা ও স্বচ্ছতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
![]()

















