ইউএন ট্যুরিজম অ্যাফিলিয়েট সিআইএফএফটি (CIFFT)-এর এশিয়া দূত নিযুক্ত হলেন ডাল্টন জহির

সফিকুল ইসলাম রানা :
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism)-এর মর্যাদাপূর্ণ অ্যাফিলিয়েট সদস্য ‘ইন্টারন্যাশনাল কমিটি অফ ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালস’ (CIFFT)-এর এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত (CIFFT Ambassador for Asia) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট বাংলাদেশি পর্যটন ব্যক্তিত্ব মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে সিআইএফএফটি-এর ডিরেক্টর আলেকজান্ডার ভি. কামেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যটন অঙ্গন ও ডেস্টিনেশন ব্র্যান্ডিংয়ের শীর্ষমঞ্চে বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় এই নিয়োগটিকে দেশের জন্য এক ঐতিহাসিক অর্জনকুঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই পদে ডাল্টন জহির এশিয়া মহাদেশ জুড়ে সিআইএফএফটি এবং বিশ্বখ্যাত ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর প্রতিনিধিত্ব করবেন। এশিয়া দূত হিসেবে তার প্রধান কাজ হবে সিআইএফএফটি-এর বৈশ্বিক মিশন প্রচার করা, এশিয়ার বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, মিডিয়া হাউস ও ক্রিয়েটিভ এজেন্সির সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা এবং এশীয় অঞ্চলের পর্যটন কেন্দ্র ও সেবামূলক প্রমোশনাল ভিডিওসমূহকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিবন্ধনে সহায়তা করা। এছাড়া, ফ্রান্সের কান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জাপানের মতো বিশ্বের সেরা ১০টি পর্যটন চলচ্চিত্র উৎসবের সমন্বয়ে গঠিত ‘সিআইএফএফটি সার্কিট’ এবং ভিয়েনাস্থ সিআইএফএফটি সদর দপ্তরের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি কাজ করবেন, যা বৈশ্বিক অঙ্গনে এশীয় পর্যটন চলচ্চিত্রের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এই বৈশ্বিক অর্জনের পেছনে রয়েছে ডাল্টন জহিরের দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ নির্বাহী অভিজ্ঞতা। আতিথেয়তা (হসপিটালিটি), পর্যটন, মিডিয়া এবং বহুজাতিক কর্পোরেট খাতে অভিজ্ঞ এই পেশাদার ব্র্যাক সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক হোটেল গ্রুপ)-এর ‘গ্রুপ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং’ সহ রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ও লেকশোর হোটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ট্রাভেল ও মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুরিস্টকি (Travellerkey), ইউরোপকি (Europekey), ট্যুরিস্টটাইমস (TravellerTimes) এবং ওয়েলকাম বাংলাদেশ (Welcome Bangladesh)-এর প্রতিষ্ঠাতা ও সিইও। একজন লেখক হিসেবে সাহিত্য ও সমসাময়িক বিষয়ে তার প্রকাশিত বই রয়েছে ৫টি। তাছাড়া, তিনি স্ক্যাল ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা-র গ্লোবাল অ্যাম্বাসেডর, স্ক্যাল ইন্টারন্যাশনাল মাদ্রিদের প্রথম বাংলাদেশি সদস্য এবং ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TDAB)-এর পরিচালক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সিআইএফএফটি (CIFFT) আন্তর্জাতিক সার্কিট প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর বিশ্বসেরা পর্যটন চলচ্চিত্র নির্বাচন করে থাকে, যা ইউএন ট্যুরিজম (UN Tourism) ও ইউরোপিয়ান ট্রাভেল কমিশন (ETC)-এর মতো বৈশ্বিক সংস্থার সমর্থনে পরিচালিত হয়। জাতিসংঘের এই সংস্থাটির নীতি নির্ধারণী ও ব্র্যান্ডিং প্রক্রিয়ায় বাংলাদেশি প্রতিনিধির এমন গুরুত্বপূর্ণ পদায়ন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রমোশন ও পর্যটন কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো। এর ফলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন প্রচারণা বিশ্বের শীর্ষ প্ল্যাটফর্মগুলোতে পৌঁছানোর নতুন পথ খুঁজে পাবে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 1






















