ফরিদগঞ্জে জুয়েলার্সে পুলিশের অভিযান, চোরাই স্বর্ণের চেইন উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের একটি জুয়েলার্স প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বাজারের ‘ভাই ভাই শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ থেকে চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উত্তর চন্দিপুর গ্রামের মিলন রানী মালাকারের বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চোর শান্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করে, চুরির পর তার শাশুড়ি কুলছুমা বেগমের মাধ্যমে ফরিদগঞ্জের ওই জুয়েলার্সে স্বর্ণের চেইনটি বিক্রি করা হয়।
শান্তর দেওয়া তথ্যের ভিত্তিতে রামগঞ্জ থানার এসআই প্রান্ত, এএসআই মো. মহিউদ্দিন এবং ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়ার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
কুলছুমা বেগম জানান, তার জামাই শান্ত তাকে বলেছিল স্বর্ণের চেইনটি কুড়িয়ে পেয়েছে। পরিচিত দোকান হওয়ায় তিনি ‘ভাই ভাই শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’-এ গিয়ে ১ লাখ ২২ হাজার টাকায় সেটি বিক্রি করেন।
জুয়েলার্সের কর্মচারীরা স্বর্ণের চেইন কেনার বিষয়টি স্বীকার করলেও প্রতিষ্ঠানের মালিক শ্যামল দাসকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর দাস বলেন, চোরাই মালামাল শনাক্ত হওয়ার পর বিক্রেতা কুলছুমা বেগমকে উপস্থিত রেখে পুলিশকে উদ্ধার অভিযানে সহযোগিতা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া শান্ত ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া কলেজগেট এলাকার মোল্লা বাড়ির শিপন মোল্লার মেয়ের জামাই। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
Views: 4

























