ফরিদগঞ্জে দোতলা ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু

ফরিদগঞ্জ  প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে বিল্লাল হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার দক্ষিণ বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার দক্ষিণ বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেন নিজ বাড়ির দোতলা ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

.

Views: 8

শেয়ার করুন