ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়। এ ঘটনায় গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৃতের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
উচ্চ আদালতে আপিল শুনানিতে এ রায় প্রত্যাহার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারের পরিবারের সদস্যরা। রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারের বোন তাসলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর ভাই শাহাজাহান সর্দার, বোন রিনা বেগম, ফাহিমা বেগম, মহিমা বেগম, ভাগ্নে মো. সাগর, ভাতিজা সাহাবুদ্দিন সর্দার ও প্রতিবেশী রুহুল আমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, মো. শাহাদাত হোসেন সরদার দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মো. শাহাদাত হোসেন সরদারের স্ত্রী আঞ্জুমা বেগম, শ্যালক কামরুল হাসান রতন ও শ^শুর আবুল বাসার গং মিলে তার ১১ কোটি ৫২ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে আত্মসাৎ করেন। এর জের ধরে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এ বিরোধের জেরে আদালত ও থানায় মামলা হলে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে মো. শাহাদাত হোসেন সরদারকে তার শ^শুর পরিবারের লোকজন ৪ কোটি ৭৭ লাখ টাকা দেনার কথা স্বীকার করেন। এই টাকা নিয়ে তীব্র বিরোধের জেরে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে মারধরের সময় ছুরিকাঘাতে শ্যালক কামরুল হাসান রতনের মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম আরও দাবি করেন, যে ছুরি দিয়ে কামরুল হাসান রতনের মৃত্যু হয়েছে, সেই ছুরি দিয়ে প্রথমে কামরুল হাসান রতন নিজেই মো. শাহাদাত হোসেন সরদারকে ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার্থে প্রতিরোধ করার সময় উল্টো ছুরিকাঘাতের শিকার হয়ে কামরুল হাসান রতন মারা যান। এ ঘটনায় মো. শাহাদাত হোসেন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটির তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ সঠিকভাবে মামলাটি তদন্ত না করে আদালতে রিপোর্ট প্রেরণ করেছেন। এই মামলাটি অধিকতর তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান তিনি।
এদিকে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, প্রায় চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে মাননীয় বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 0






















