হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণে চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের প্রস্তুতি সভায় জনসমাগম

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুর রহমানের নির্বাচনীপ প্রস্তুতি সভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ওড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভাকে ঘিরে বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা হয়।
ওড়পুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাহার পাটওয়ারী। সভা সঞ্চালনা করেন মো. মহিন উদ্দিন রাফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মোস্তফা কামাল পাটওয়ারী, মো. ইউছুফ পাটওয়ারী, মো. শামীম মিয়াজী, মো. জাকির হোসেন মেম্বার ও মো. মাসুদুর রহমান মিয়াজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুর রহমান বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের অধিকার নিশ্চিত করা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাকে অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, “আমি ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
সভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
এ সময় নির্বাচনী কার্যক্রমের পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে গাজী মাওলানা তানভীর আহমেদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুর রহমানের সমর্থক, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 2






















