হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ সংস্কার ও জুয়ার বন্ধের দাবিতে স্মারকলিপি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গন্ধর্বপুর ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ সংস্কার, খেলার পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজকে মাদক ও ডিজিটাল জুয়া থেকে রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনগণ।
সোমবার দুপুরে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজের পক্ষে মো. আল-আমিন আটিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবি: ১. মাঠের বেহাল দশা: কলেজ মাঠটি বর্তমানে ৩ ফুট পর্যন্ত উঁচু-নিচু, অসংখ্য গর্ত ও আগাছায় পরিপূর্ণ।
বর্ষায় জলাবদ্ধতার কারণে বছরে ৪-৫ মাস মাঠটি খেলার অনুপযোগী থাকে। মাঠকে খেলার উপযোগী করতে আনুমানিক ২০০ ট্রাক বালু/মাটি দিয়ে ভরাট, সমতলকরণ, দুর্বা ঘাস রোপণ, ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশে ১০টি ফলজ ও বনজ চারা রোপণের দাবি জানানো হয়।
২. যুবসমাজের ভয়াবহতা: মাঠ খেলার অনুপযোগী হওয়ায় কলেজের ২০০ শিক্ষার্থী এবং ইউনিয়নের ৫টি গ্রামের কিশোর-তরুণরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। খেলার মাঠ না থাকায় তরুণরা মোবাইল-জুয়া ও মাদকে আসক্ত হচ্ছে। গত ১ বছরে ১৫-২০ জন তরুণ ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং মাদক-জুয়ার টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ছিনতাই, মারামারি ও পারিবারিক অশান্তি বাড়ছে।
৩ দফা প্রস্তাবনা: ক. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাঠ ভরাট ও সংস্কার করে জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের মাধ্যমে খেলার উপযোগী করা। খ. মাঠ সংস্কারের পর কলেজ ক্রীড়া কমিটি ও স্থানীয় যুব ফোরামের মাধ্যমে নিয়মিত ক্রীড়া সামগ্রী বরাদ্দ ও ত্রৈমাসিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। গ. কলেজ মাঠ ও আশপাশে মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশ-র্যাবের সমন্বয়ে সাপ্তাহিক অভিযান এবং ‘মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি’ গঠন।
স্মারকলিপিতে বলা হয়, জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপে ইউনিয়নের ৩০০ জন তরুণ-ছাত্রকে মাদক ও জুয়ার অন্ধকার থেকে বাঁচিয়ে সুস্থ ও সবুজ ভবিষ্যতের পথে ফেরানো সম্ভব। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষ, ওসি হাজীগঞ্জ থানা ও জেলা ক্রীড়া অফিসারকে দেওয়া হয়েছে।
Views: 3

























