শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন হাজীগঞ্জ আহমাদীয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, কবি, লেখক ও কলামিস্ট কাজী মোরশেদ আলম।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পাশে অবস্থিত হাজীগঞ্জ আহমাদীয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ সাহিত্যজীবনে তাঁর লেখায় সমাজের বিভিন্ন অসঙ্গতি, সচেতনতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের নানা বিষয় উঠে এসেছে।

কাজী মোরশেদ আলমের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘ষড়যন্ত্র’, ‘বাল্যবিবাহ’, ‘আত্মহত্যা’, ‘শিয়ালের পদক্ষেপ’, ‘আলো অন্ধকার-১’ ও ‘আলো অন্ধকার-২’। তাঁর বিভিন্ন লেখা জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে ‘আলো অন্ধকার’ গ্রন্থটি জাতীয় বইমেলায় পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি। এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাব, চাঁদপুর অনলাইন প্রেসক্লাব, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও হাজীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন কাজী মোরশেদ আলম। তাঁর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই তাঁকে আন্তরিক, সদালাপী ও সহজ-সরল মানুষ হিসেবে উল্লেখ করেন। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় তাঁর সক্রিয় ভূমিকা শিক্ষার্থীদের মধ্যেও লেখাপড়া ও সৃজনশীলতার প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে বলে শুভাকাঙ্ক্ষীরা মনে করেন।

কাজী মোরশেদ আলমের সাহিত্যকর্ম ও দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের জন্য সহকর্মী, শিক্ষার্থী, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাহিত্যকর্মের সাফল্য কামনা করেছেন তারা।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের জনক। তাঁর পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, সাদাসিধে জীবনযাপন ও নিরহংকার আচরণের কারণে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সাহিত্যচর্চা ও শিক্ষকতার এই দীর্ঘ পথচলায় কাজী মোরশেদ আলম ভবিষ্যতেও নতুন নতুন সৃজনশীল কাজের মাধ্যমে পাঠক ও শিক্ষার্থীদের মাঝে অবদান রাখবেন এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 3

শেয়ার করুন