গুরুতর আহত ইশরাতের চিকিৎসার দায়িত্ব নেওয়ার দাবিতে হাজীগঞ্জে সড়কে মানববন্ধন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ইশরাত জাহানের চিকিৎসার দায়িত্ব গ্রহণ, দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন করেছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় হাজীগঞ্জ বাজারের ঐতিহাসিক বড় মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সড়কের দিকে রওনা দেন। পরে হাজীগঞ্জ প্লাজার সামনে এসে তারা একত্রিত হন। সেখান থেকে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বড় মসজিদের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ইশরাত জাহানের উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধের দাবিও তুলে ধরেন তারা।
সহপাঠীরা জানান, একটি মেয়ের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সে হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
গত ১৬ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলার উয়ারুক স্টেশনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা ভূঁইয়া বাড়ির মো. এমরান ভূঁইয়ার একমাত্র মেয়ে ইশরাত জাহান ও সিএনজি চালক। দুর্ঘটনার পর থেকে ইশরাত জাহানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।
এ অবস্থায় ইশরাতের চিকিৎসার ব্যয়ভার বহন এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 4






















