হাজীগঞ্জে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পিলার স্থানান্তরে জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা বৈদ্যুতিক পিলারগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তরের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বাজারের সড়ক নিরাপত্তা, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং বৈদ্যুতিক পিলার নিরাপদ স্থানে স্থানান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, শিল্পবিষয়ক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাণিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলী এবং ওয়ার্ড কমিশনার মো. হাছান ও মো. শাহাদাত হোসেন মিশু উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৈদ্যুতিক পিলারের অবস্থানের কারণে অনেক সময় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। তাই জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সড়ক থেকে নির্ধারিত ও নিরাপদ দূরত্বে বৈদ্যুতিক পিলার স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 4






















