হাজীগঞ্জ ভয়াবহ বসতঘরের আগুনে পুড়ে এক শিশু নিহত: অপর এক শিশু গুরুতর আহত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু এবং অপর এক শিশুকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আনাছ হোসেন (২) ও গুরুতর আহত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের শিশু সন্তান। আগুনে মো. মিজানুর রহমানের দুই ছেলে মো. নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, এদিন ঝগড়া-ঝাটির খবর শুনে ঘরের দরজা আটকিয়ে রাস্তার সামনে যান জেসমিন বেগম। এরমধ্যে তার বসতঘরে আগুন লেগে পাশবর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা দেখে সবাই ছুটে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা কারণে কেউ ঘরের কাছে যেতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের মধ্যে থাকা ঘুমন্ত দুই শিশুর মধ্যে এক শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়। অপর শিশুকে টিনের নিচ থেকে উদ্ধার করা হলেও তার শরিরের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং তার শারিরিক অবস্থা সংকটাপন্ন।
এদিকে আগুনে দুইটি বসতঘর, ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদটাকা ও স্বর্ণালংকার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এতে করে পরনের কাপড় ছাড়া তাদের শেষ সম্বল বলতে কিছুই নেই। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী শামছুল আলম টুটুল বলেন, আগুনের ভয়াবহতা এবং ঘর দুইটির দরজা বন্ধ থাকায় আমরক ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি। যার কারণে দুই শিশু পুড়ে যায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার দুইটিকে সরকারিভাবে সহযোগিতার আহ্বান জানান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খাঁন খলিলুর রহমান বলেন, স্থানীদের সহযোগিতা ঘরে বিদ্যুতের সংযোগ ও গ্যাস সিলিন্ডার ছিলো। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, আগুনে দুইটি বসতঘর ও এক শিশু পুড়ে মারা গেছে। অপর এক শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে আমরা আছি। তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















