মতলব উত্তরের আনাসের হাফেজ হওয়ার গৌরব, কুরআন অ্যাওয়ার্ডে সম্মানিত

গোলাম নবী খোকনঃ
পবিত্র কোরআনের হাফেজ হয়ে পরিবার ও এলাকার গর্ব হয়ে উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তাসমিমুল ইসলাম আনাস। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব-২০২৬ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছে সে। ছেলের এ অর্জনে আনন্দিত বাবা-মা ও পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, পবিত্র কোরআনের শিক্ষা ধারণ করে আনাস ভবিষ্যতে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখার ১ হাজার ৭৫৯ জন হাফেজ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ এবং অ্যাওয়ার্ড ব্যাগ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বাবা-মাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। সন্তানদের হাফেজ হিসেবে গড়ে তোলার পেছনে অভিভাবকদের ত্যাগ, সাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও হাফেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

তাসমিমুল ইসলাম আনাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নম্বর সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামের বাসিন্দা। সে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থী। আনাস সাদুল্ল্যাপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মনির হোসেনের নাতী ও মোহাম্মদ কামাল হোসেনের দ্বিতীয় সন্তান।

ছেলের এ অর্জনের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান বাবা মোহাম্মদ কামাল হোসেন। তিনি লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে এবং সম্মাননা অর্জন করেছে। এটি শুধু তাদের পরিবারের নয়, বরং বাড়ি, গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার জন্যও গর্বের বিষয়।

কামাল হোসেন ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, আনাস যেন পবিত্র কোরআনের আলোয় আলোকিত থাকে, মহান আল্লাহ তাকে কোরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করেন এবং একজন দ্বীনদার মানুষ হিসেবে সবার কল্যাণে কাজ করার তাওফিক দেন।

ছেলের এ অর্জনে আনন্দ প্রকাশ করে তিনি আরও আশা করেন, আনাস যেন কোরআনের শিক্ষা ও আদর্শ নিজের জীবনে ধারণ করে একজন সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে।
তাসমিমুল ইসলাম আনাস জানান, আমি বড় হয়ে একজন আলেম ও মাওলানা হতে চাই। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবন গড়তে চাই এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি যেন কোরআনের প্রকৃত খাদেম হতে পারি, দ্বীনের খেদমত করতে পারি এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

স্থানীয়দের মতে, আনাসের এ অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও পবিত্র কোরআন হিফজ ও ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করবে। পরিবারের প্রত্যাশা, কোরআনের আলোয় আলোকিত হয়ে আনাস ভবিষ্যতে মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।

প্রকাশিত: শনি বার, ৩১ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন