ভারতে বসে হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না : লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি 

মোহাম্মদ সাইফুল ইসলাম:

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “শেখ হাসিনা এ দেশে আর ফিরবেন না। ভারতে বসে হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না। বিএনপিকে এ দেশের জনগণ ক্ষমতায় এনেছে।”

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের মাছের ঘের, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে। মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে। আমরা প্রতিশোধপরায়ণ হতে চাই না। তবে কেউ বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গ্রামপর্যায়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগ রয়েছে, তাঁদের তালিকা থানায় জমা দিতে হবে। তবে কোনোভাবেই নিজেদের হাতে আইন তুলে নেওয়া যাবে না। অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের মধ্যে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মচাঞ্চল্য বাড়বে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। যৌথভাবে সঞ্চালনা করেন এম এ রহিম পাটোয়ারী ও মিজানুর রহমান সেলিম।

এ সময় ১ নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুল রহমান, ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলালসহ হাজীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ১২টি ওয়ার্ডের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন