আজ মতলব উত্তরে আসছেন কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম : এলডিপির কর্মী সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র বিশাল কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বাধীনতার সূচনালগ্নের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের বীর সেনানী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ।
বিকেল ২টায় নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপি’র যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী। সমাবেশে আরও বক্তব্য রাখবেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মতলব উত্তর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি মো. আলাউদ্দিন প্রধান, সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মো. মহিব উল্লাহ খোকন।
সমাবেশেকে ঘিরে মতলব উত্তরের নন্দলালপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে এলাকা সেজেছে বর্ণিল সাজে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় নেতারা জানান, এই কর্মী সমাবেশের মাধ্যমে মতলব উত্তরে এলডিপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Views: 0
























