একসঙ্গে জিপিএ-৫ পেল মতলব দক্ষিণের যমজ ভাই-বোন

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ অর্জন করেছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী সজল চন্দ্র ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তারা দুজনই কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর যমজ ভাই-বোনের জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়। কৌশিক ভবিষ্যতে বায়োকেমিস্ট এবং সুপ্তি চিকিৎসক হতে চায়।
কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা, শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণে তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে চায়।কৌশিক-সুপ্তির বাবা সজল ঘোষ বলেন, একসঙ্গে ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু জানান, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে এবং পাসের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ।
তিনি আরও বলেন, একই প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। কৌশিক ও সুপ্তির এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের। তাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Views: 4

























