জলবায়ু পরিবর্তন ও সচেতনতা কর্মসূচি উপলক্ষে পীর মহসীন উদ্দিন পৌবাউবি’তে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন, বিশেষ প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ জুন সোমবার সকালে এই উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে উৎসাহিত করতেই সরকারের এই উদ্যোগ গ্রহণ বলে জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মৃদুলা সাহা ও কামাল হোসেন।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আরা বেগম।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা ও কার্যকর উদ্যোগ অপরিহার্য। একটি বৃক্ষ রোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ভিত্তি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সবুজায়ন বৃদ্ধি করে না, বরণ বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
এরপর ক্যাম্পাসে প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Views: 3

























