নিষ্কাশন সংকটে এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত খেলাধুলা থেকে

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন পানির নিচে তলিয়ে আছে। টানা বৃষ্টিপাত ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে বিদ্যালয়ের মাঠটি আজ পুকুরে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রতিদিনই খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশও।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল এলাকার প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের পদচারণায় মুখর থাকত মাঠটি। এখন সেখানে হাঁটু সমান পানি, চারপাশে জমেছে আবর্জনা। মাঠের পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, যার আসা-যাওয়ার পথও প্রতিনিয়ত পানিতে ডুবে থাকে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে, আর বিদ্যালয়ের পরিবেশও দিন দিন নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখলাছপুর উচ্চ বিদ্যালয় এই এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু মাঠের এই করুণ অবস্থায় এখন আর শিশু-কিশোরদের খেলাধুলার কোনো জায়গা নেই। প্রশাসনের উচিত ছিল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ প্রয়োজন। এখন এটি প্রায় স্থায়ী জলাশয়ে পরিণত হয়েছে, যা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার মানুষের জন্যই হতাশার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, এই মাঠ সংস্কারের জন্য অনেক অর্থ প্রয়োজন। বর্তমানে প্রশাসনের কাছে যে পরিমাণ অর্থ আছে, তা দিয়ে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Views: 0
























