ফরিদগঞ্জে তিন ঘণ্টার মধ্যে মূল তিন আসামি আটক করলো পুলিশ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের এক ঘুসিতেই বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজি অটেরিক্সা চালকের হত্যার ঘটনায় জড়িত মূল তিন আসামিকে থানা পুলিশ ঘটনার ৩ ঘণ্টার মধ্যে আটক করতে সমর্থ হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে নির্মম এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত বিল্লাল হোসেনের ছেলে কাউছার হোসেন বাদী হয়ে মামলা দায়ের (ফরিদগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ-১৩/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) করেন । এদিকে হত্যার ঘটনার পরপরই পালিয়ে যাওয়া অভিযুক্ত ও এজহার নামীয় তিনজন যথাক্রমে আবুল বাশার (৬৩), পিতা-মৃত রুস্তম আলী, তার দুউ ছেলে মো. শাহাদাত হোসেন (৪০) ও মো. ইমাম হোসেন (৩০)কে থানা পুলিশের বেশ ক’টি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করতে সমর্থ হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চাঁদপুর পুলিশ সুপার রবিউল হাসানের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নেতৃত্বে ঘটনার তিন ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদপুর শহরের কালী বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নিহত বিল্লাল হোসেনের পোস্ট মর্টেম শেষে শনিবার বাদ মাগরিব তার বাগিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকালে তার লাশ বাড়িতে পৌছে।
প্রকাশিত : রোববার, ১৫ মার্চ ২০২৬ খ্রি.

Views: 8

























