ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে পলী আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বামীর বসতঘরের আড়ার সাথে ঝুলন্তবস্থায় থাকা মরদেহ পুলিশ উদ্ধার করলেও মৃতের পরিবারের দাবি যৌতুকের দাবি না মেটানোই তাকে মেরে মরাদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পলী আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী রাছেল আহমেদের স্ত্রী ও দক্ষিণ লড়াইরচর গ্রামের লোকমান দেওয়ানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিকভাবে রাছেল আহমেদের সঙ্গে বিয়ে হয় পলী আক্তারের। বিয়ের কয়েক মাস পর রাছেল আহমেদ ওমানে পাড়ি জমান। সম্প্রতি দাম্পত্য ও পারিবারিক কলহ দেখা দেয় তাদের মধ্যে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাঝোতা বৈঠক হলেও মেয়ের সংসার টিকানোর স্বার্থে আইনি ব্যবস্থা নেননি পলী আক্তারের পরিবার। বুধবার রাতে পলী আক্তার স্বামীর বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলছেন বলে সংবাদ পায় তার পরিবারের সদস্যরা।
মৃত পলী আক্তারের ভাই জাহিদ হোসেন দেওয়ান বলেন, আমার বোনের জামাই ওমান প্রবাসে থাকেন। সেখানে বিভিন্ন সমস্যার কথা বলে আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। গত কয়েকদিন আগে আবার ২ লাখ টাকা দাবি করছে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন। আমরা মনে করছি, আমার বোনকে মেরে তার শাশুড়ি ও ননদ মিলে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। এখন আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।
অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের চিৎকারে পলী আক্তারের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে পলী আক্তারের স্বামী প্রবাসে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পলী আক্তারের মরদেহ তার স্বামীর বসতঘরের আঁড়া থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.
Views: 3
























