ভলিবলে টানা ষষ্ঠবার জেলা চ্যাম্পিয়ন জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ

সফিকুল ইসলাম রানা : ভলিবল খেলায় টানা ষষ্ঠ বারের মতো ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দলটি।
কোয়ার্টার ফাইনালে শাহরাস্তি উপজেলার দলের বিপক্ষে এবং সেমিফাইনালে কেএফটির বিপক্ষে ২-০ সেটে জয়ী হয়ে ফাইনালে উঠে তারা। ফাইনাল ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ২-১ সেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ।
এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি মতলব উত্তর উপজেলার প্রতিনিধিত্ব করে চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন হয় এবং জেলার প্রতিনিধি হিসেবে উপ-অঞ্চল কুমিল্লায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
জয়ী দলের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভলিবল খেলায় টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য স্বপ্নের মতো। আমরা নিয়মিত অনুশীলন করেছি এবং শিক্ষকদের দিকনির্দেশনায় দলগতভাবে খেলায় মনোযোগ দিয়েছি। এই সাফল্য আমাদের আরও বড় পরিসরে ভালো করার অনুপ্রেরণা দেবে।
আরেক শিক্ষার্থী বলেন, মতলব উত্তর উপজেলার সুনাম ধরে রাখতে পেরে আমরা গর্বিত। কুমিল্লায় ভালো করার প্রত্যয় নিয়েই আমরা প্রস্তুতি নেব।
দলের কোচ ও সহকারী শিক্ষক মো. সোহেল রানা বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত সমন্বয়। তারা মাঠে শুধু খেলেনি, নিজেদের আত্মবিশ্বাসও প্রমাণ করেছে। টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়া কোনো কাকতালীয় বিষয় নয় এটি দীর্ঘদিনের পরিকল্পিত প্রশিক্ষণের ফল।
তিনি আরও বলেন, আমরা কুমিল্লা উপ-অঞ্চলেও ভালো ফল করতে আশাবাদী। এজন্য অনুশীলন আরও জোরদার করা হবে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেন বলেন, জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের জন্য এটি এক গর্বের অধ্যায়। টানা ছয়বার জেলা চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও সমান দক্ষ।
তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে নেতৃত্বের গুণাবলি অর্জন করুক। এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করবে বলে আমি বিশ্বাস করি।
প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 2
























