মতলব উত্তরে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ডাকাতির মামলার লুণ্ঠিত মালামালসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। রোববার (২২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় ও মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. জাফর আহমেদ ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডাকাতি মামলার (এফআইআর নং-৮১, তারিখ- ২৯ আগস্ট ২০২৫; জি আর নং-৫৪৬; দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারা) লুণ্ঠিত একটি কালো রঙের বিদেশি টর্চলাইট উদ্ধার করে। একইসঙ্গে দীর্ঘদিন পলাতক থাকা আসামি এখলাসপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. ফিরোজ বাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় (এফআইআর নং-১৮/২৮৯, তারিখ-২১ ডিসেম্বর ২০২১; জি আর নং-২৮৯) তিন বছরের সশ্রম সাজা প্রাপ্ত এবং অন্য মামলায় (এফআইআর নং-১১/১৪৬, তারিখ-০৬ জুলাই ২০২১; জি আর নং-১৪৬) গ্রেপ্তারকৃত পরোয়ানা মূলে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামি ফিরোজ বাবুকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি রবিউল হক। তিনি বলেন, ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ফিরোজ বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় আমরা সন্তুষ্ট। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।

শেয়ার করুন
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন