মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা ; চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, এর প্রজনন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে বিশাল অবদান রাখে। মা ইলিশ রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদ পাবে না। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থান, ত্রাণ সহায়তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে অভিযানকে সফল করতে হবে।
তিনি আরও বলেন, জেলেদের প্রতি মানবিক হতে হবে, তবে আইন অমান্যকারীর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ’সহ সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, মতলব দক্ষিণ উপজেলার মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ, গজরা ইউপি চেয়ারম্যান শহিদউল্ল্যা প্রধান, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক সুমন আহম্মেদ, মৎস আড়তদার কাজল, জেলে প্রতিনিধি ওমর আলী খান, ফুলচান বর্মন’সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং টাস্কফোর্সের সদস্যরা।
সভায় সিদ্ধান্ত হয় প্রজনন মৌসুমে মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতামূলক প্রচারণা জোরদার, জেলেদের মাঝে সরকারি সহায়তা বিতরণ এবং মা ইলিশ আহরণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Views: 1




















