মতলব উত্তরে মা-মেয়েকে ঘরে আটকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে এক বৃদ্ধা ও তার মেয়েকে ঘরে আটকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাহাদাত হোসেন বেপারী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আয়েশা বেগম (৭০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেলে ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর এলাকায় অভিযুক্ত শাহাদাত হোসেন বেপারী ও তার স্ত্রী সন্তান মিলে কৌশলে আয়েশা বেগমের মেয়ে নাহার আক্তারকে নিজেদের বাড়িতে ডেকে নেয়। পরে আয়েশা বেগম সেখানে গেলে মা-মেয়েকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এসময় তাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আয়েশা বেগমের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন।
বাদী আয়েশা বেগম বলেন, আমাদের পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন বেপারীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.
Views: 3
























