মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ-কোস্টগার্ডের যৌথ অভিযান, ড্রেজার জব্দ ও অর্থদণ্ড

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা।
অভিযানে বেলতলী নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে প্রশাসন।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডের তিনজন মালিক-চালককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেডসহ তিনজনকে নিয়মিত মামলার প্রক্রিয়ার জন্য নৌ-পুলিশের হেফাজতে পাঠানো হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারও প্রভাব বা সুপারিশে এই অপরাধ কার্যক্রম চালানো যাবে না।
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
Views: 0
























