মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে চাঁদপুরে চলছে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

সাদ্দাম হোসেন : আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে চাঁদপুরে পরিচালিত হচ্ছে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম। ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা কালীন সময় কঠোর নজরদারী এবং প্রতিনিয়ত অবৈধ জাল ও আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকায় মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে।
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ০৪ অক্টোবর ২০২৫ থেকে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর নদী তীরবর্তী এলাকায় স্থানীয় জনগণ, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব এবং প্রযোজ্য আইন সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Views: 0




















