মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতলব উত্তরে ইলিশ ও কারেন্টজাল জব্দ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে অভিযানে ইলিশ ও কারেন্টজাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ। গত দুই দিনে পৃথক অভিযানে ২০ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

রবিবার ও সোমবার (৫ ও ৬ অক্টোবর) ভোরে উপজেলার মোহনপুর লঞ্চ ঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। জব্দকৃত ইলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন ও এএসআই মো. কামরুজ্জামান।

মোহনপুর নৌ পুলিশ ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা দিন-রাত অভিযান চালাচ্ছি। নদীতে কেউ যেন নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে, সে জন্য টহল জোরদার করা হয়েছে। অভিযানে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে। এ সময় সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন