শাহরাস্তির টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ, প্রশাসক নিয়োগ

মোঃ কামরুজ্জামান সেন্টু : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারীকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, আমি এ উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও তাকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তিনি উপজেলা পরিষদের ৩ টি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি জানান, ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকার পরও তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক প্রেরিত সকল ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতিবেদনে তিনি কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন বলে প্রতীয়মান ছিলো।
তিনি আরও জানান, সর্বশেষ মাসিক মিটিংয়ের দিনে তিনি অসুস্থ থাকায় প্যানেল চেয়ারম্যান কে সভায় পাঠালে অজ্ঞাত কারণে তাকে মিটিং থেকে বের করে দেয়া হয়েছে যা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া তাকে অপসারণের পূর্বে কোন ধরনের নোটিশ দেয়া হয়নি।
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Views: 0
























