নিখোঁজের ১২ দিন পর ঢাকার হাসপাতাল থেকে হাজীগঞ্জের শাহমিরানের মরদেহ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর পাটওয়ারি বাড়ির মো. শাহমিরান নামে এক ব্যক্তির মরদেহ নিখোঁজের ১২ দিন পর ঢাকার একটি হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৩০ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার হাতবাজার সংলগ্ন এলাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাহমিরান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ শাহমিরান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়নের কাশিমপুর পাটওয়ারি বাড়ির আবদুল মতিন ও মোসা. সাহিদা বেগমের ছেলে। তিনি এক কন্যাসন্তানের বাবা। তার মেয়ের বয়স ৩ বছর ৪ মাস।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় শাহমিরানের নিখোঁজ সংবাদ প্রকাশিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শাহমিরানের স্ত্রী আয়েশা আক্তার জানান, “৩০ আগস্ট থেকে আমার স্বামী নিখোঁজ ছিলেন। নিখোঁজের ১২ দিন পর গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানা পুলিশ ঢাকার একটি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, পরিবারের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দিন আগে এক ব্যক্তি শাহমিরানকে ঘোরাফেরা অবস্থায় দেখতে পেয়ে নিজের হেফাজতে রাখেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ওই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ডেঙ্গু শনাক্ত করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকার হাসপাতাল থেকে শাহমিরানের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Views: 6





















