হাজীগঞ্জে মসজিদের মাইক ও সৌরবিদ্যুতের ব্যাটারি চুরি, এলাকাবাসীর ক্ষোভ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের উত্তর মেনাপুর বাইতুল আমান জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মসজিদের ভেতরে প্রবেশ করে মাইক ও সৌরবিদ্যুতের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে দানবাক্সের তালা ভেঙে নগদ অর্থও নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোনো একসময় চোরেরা মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারি, মাইকের স্ট্যান্ড ও সৌরবিদ্যুতের (সোলার) ব্যাটারি নিয়ে যায়। এ সময় তারা মসজিদের দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা নগদ অর্থও চুরি করে।

শুক্রবার সকালে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা চুরির বিষয়টি দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল বলেন, মসজিদের মতো একটি পবিত্র স্থানে চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মানুষ যেখানে আল্লাহর ইবাদত করতে আসে, সেই স্থানেও যদি চোরেরা চুরি করতে দ্বিধাবোধ না করে, তাহলে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি মসজিদের সম্পদ চুরির ঘটনা নয়; এটি ধর্মীয় অনুভূতি ও সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত। তাই দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছেন।

প্রকাশিত :  ‍শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Views: 8

শেয়ার করুন