হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার পাইপ ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ড্রেজারের পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বলাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

উপজেলা ভূমি অফিসে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)। পরিদর্শনে একটি পুকুর ভরাট এবং পানি সেচ দিয়ে অপর একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজারের পাইপ স্থাপনের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার ব্যবহারকারী কাউকে না পাওয়ায় পাইপগুলো ভেঙে ধ্বংসের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে মৃত স্বদেশ নারায়ণ সাহার ছেলে অক্ষয় কুমার সাহা উপজেলা সহকারী কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি একই এলাকার রতন কুমার সাহা, প্রবীর সাহা, ধেররা এলাকার জাহাঙ্গীর আলম এবং মকিমাবাদ এলাকার কামরুল ইসলামের নাম উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুকুর ভরাট এবং অপর একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজারের পাইপ স্থাপনের সত্যতা পাওয়া গেছে। ড্রেজার ব্যবহারকারী কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় পাইপগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের জলাধার, নালা বা পুকুর ভরাট করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজারের পাইপগুলো ধ্বংস করা হয়েছে। তবে অভিযোগকারীদের মধ্যে সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন।

অভিযোগে অক্ষয় কুমার সাহা উল্লেখ করেন, সাবেক ২০০, হাল ৮৬ নম্বর বলাখাল মৌজার বিএস-১৩৯১ এবং বিএস ১/১ নম্বর খতিয়ানভুক্ত ৩৪৮৩ ও ৩৫৩৮ নম্বর দাগে বাড়িসহ তিনটি পুকুর, ৩৫২৮ নম্বর দাগে ডোবা এবং ৫৮১৮, ৫৮৩৩ ও ৫৮৩৪ নম্বর দাগে নাল ভূমি পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি ও তার পরিবারের মালিকানাধীন ও দখলে রয়েছে।

তিনি আরও দাবি করেন, বিএস ১/১ নম্বর খতিয়ানের ৩৪৮৩ নম্বর দাগের পুকুর, ৩৪৮৪ নম্বর দাগের ডোবা এবং ৫৮১৮, ৫৮৩৩ ও ৫৮৩৪ নম্বর দাগের নাল ভূমি নিয়ে রতন কুমার সাহা ও প্রবীর সাহার সঙ্গে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং-৩১৭/২০২১ চলমান রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীরা বিরোধীয় পুকুরে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু ফেলে ভরাটের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেন অক্ষয় কুমার সাহা।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 11

শেয়ার করুন