শাহরাস্তিতে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর রাসেল গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি পৌর যুবলীগের সদস্য সচিব ও পৌরসভার সাবেক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালায়। ওই সময় রাসেলকে দোয়াভাঙ্গা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। সে পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলো। তাঁর বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় মামলা রয়েছে।
ওসি জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শাহরাস্তি পৌর শাখার সদস্য সচিব ও পৌরসভার সাবেক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত তুষার চৌধুরী রাসেল উপজেলার সেনগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 65






















