অপারেশন ডেভিল হান্ট : মতলব উত্তরে শ্রমিক লীগ নেতা শামীম গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-২ আসনের সাবেক সাংসদ মায়া চৌধুরী গ্রুপের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু অভিযান চালিয়ে আদুরভিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত আমির হোসেন প্রধানের ছেলে শামীম প্রধান (৪৫)। শামীম প্রধান মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
পুলিশ জানায়, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে ফেসিস্ট সরকার ও মায়া চৌধুরী গ্রুপের সক্রিয় সদস্য। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকা থাকার কারণে তাকে গ্রেফতার করতে হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আটককৃত উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীম প্রধান ফেসিষ্ট সরকারের আমলে মায়া চৌধুরীর সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ফেসিষ্ট সরকার পতনের পরও এলাকায়, মাদক সহ বিভিন্ন অপকর্মে চালিয়ে যাচ্ছিল। সে গত ৫ আগস্টের আগেও বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 4
























