লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ওসি মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্ঘাটনে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 6






















