হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রবীণ সদস্য মো. মুরশিদুল আলমের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রবীণ সদস্য মো. মুরশিদুল আলম সমিতির সকল ভোটার ভাই-বোনদের প্রতি সালাম ও আদাব জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ। জয়-পরাজয় আল্লাহর দান। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও বুকভরা ভালোবাসা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।”
মো. মুরশিদুল আলম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সমিতির ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমিতির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
২০২৬ সালের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে তিনি দপ্তর সম্পাদক পদে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় কোনো প্রার্থী বা ভোটারের প্রতি তার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই বলে জানান তিনি।
মো. মুরশিদুল আলম বলেন, “এই পবিত্র দায়িত্ব হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার জন্য ভালো মনে করেননি। আল্লাহ যা করেন, মানবকল্যাণের জন্যই করেন। তাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট। কারও প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই।”
তিনি আরও বলেন, ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সমিতির উন্নয়নে তিনি সবসময় কাজ করে যেতে চান। ভবিষ্যতেও ব্যবসায়ী ও সমিতির সদস্যদের কল্যাণে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ব্যবসায়ী সমাজের বিভিন্ন বিষয়, সমিতির কার্যক্রম এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মো. মুরশিদুল আলমের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রকাশিত : রোববার, ৩০ আগস্ট ২০২৬
Views: 1

























