মতলব উত্তরে দোকানে চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা:চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে মহসীন আহম্মেদ নামে ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজার এলাকায় একটি মোবাইল দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মতলব উত্তর থানার এসআই সাদেকুর রহমান, এএসআই রবিউল হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ এ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের মূল গেটসংলগ্ন ‘রাজু টেলিকম’ দোকান থেকে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমারধন গ্রামের মো. মহসীন আহাম্মেদ (৫৬)। তিনি সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে, Redmi, Samsung, Vivo, Realmeসহ বিভিন্ন ব্র্যান্ড। কিছু মোবাইলের IMEI নম্বর মিললেও একটির IMEI কেটে ফেলা ছিল।
পুলিশের এমন অভিযানে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, একজন ইউপি সদস্যের মতো দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের অপরাধে জড়ানো সমাজের জন্য লজ্জাজনক।
পুলিশ জানায়, দোকানটির অভ্যন্তর থেকেই মোবাইলগুলো উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে এগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় ৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মো. রবিউল হক বলেন, একজন জনপ্রতিনিধি চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। আইন সবার জন্য সমান পদ-পদবি বা পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। চোরাই মালামালের উৎসসহ পুরো চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে।
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড
Views: 0





















