আ.লীগ নেতাকে আটক ও ওসি প্রত্যাহার দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির নামধারীদের হামলার পর উল্টো আওয়ামীলীগ নেতা আবুল খায়েরকে দিয়ে বিস্ফোরক আইনে বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলার বাদী আওয়ামীলীগের সদস্য আবুল খায়েরকে আটক ও এই ঘটনার পিছনে ওসির হাত রয়েছে দাবি করে তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) বিকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
বক্তারা বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সংসদ সদস্য এম এ হান্নানের উপর হামলার ঘটনা ঘটে। সেখানে ককটেল বিস্ফোরণসহ হামলা চালায় ধানের মাদকসেবী ও সন্ত্রাসীরা। কিন্তু এই ঘটনার বিপরীতে উল্টো আমাদের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়। যেই মামলার বাদী আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের। এর পিছনে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জড়িত। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার, বাদী আওয়ামী লীগ সদস্য আবুল খায়েরকে ৪৮ ঘন্টার মধ্যে আটক এবং এর পিছনে দায়ী ওসি হেলাল উদ্দিনকে প্রত্যাহারের জন্য পুলিশ সুপারের নিকট দাবি জানাই।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ৩১ মে রোববার বিকালে সংঘর্ষ ও হামলা ভাংচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত স্বতন্ত্র এমপি এম এ হান্নানের সমর্থক ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা মেহেদি হাসান রনি বাদী হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামী করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা (নং -৩। তাং- ২জুন ২০২৬)দায়ের করেন।
অন্যদিকে হামলার ঘটনার পর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীর বাড়িতে স্বতন্ত্র এমপি সমর্থকরা হামলা ভাংচুর চালানোর অভিযোগ করে রাজু পাটওয়ারীর পিতা আবুল খায়ের পাটওয়ারী বাদী হয়ে পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীকে প্রধান আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা (নং -৪। তাং- ৩জুন ২০২৬) দায়ের করা হয়।
Views: 7
























