ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল কমিটি ঘোষণার পর সমালোচনা, হতাশার স্ট্যাটাস দিলেন ইমন মোল্লা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলসহ আটটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বুধবার (২৭ আগস্ট) রাতে চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পরদিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

এরইমধ্যে ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের দীর্ঘদিনের সক্রিয় কর্মী ইমন মোল্লা নিজের ফেসবুক ওয়ালে একটি আবেগঘণ স্ট্যাটাস দিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রিয় সংগঠনকে দীর্ঘদিন রাজপথে আন্দোলনে লড়াইয়ের সংগ্রামের প্রতিদান দেওয়ার জন্য। আমাকে এমনভাবে চমক দেওয়ার জন্য ধন্যবাদ যে আমি একটা কলেজের সদস্য হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। দীর্ঘদিন ছাত্রদল করার পরেও অন্তর্কোন্দলের জন্য কোথাও নাম না রাখার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

তিনি আরও লেখেন, এখন ছবি দিয়ে মানুষের রাজনীতি নির্ণয় করা হয়। আমি যখন বুঝতে শুরু করি তখন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের সভা করার কারণে অপ্রাপ্ত বয়সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন এলাকার বাইরে থাকতে হয়েছে। ২০২১ সালে ওয়ার্ড কমিটি দেওয়ার সময়ও বিএনপির নাম উচ্চারণ করতে অনেকে ভয় পেতো, আর আমরা ক্যাম্পাসে স্লোগানে মুখরিত করতাম। ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন অনেকে কথা বলতে ও পোস্ট দিতে ভয় পেতো, তখন আমরাই রাজপথে ছিলাম। এই ছাত্রদল করার জন্য আমাকে সামাজিক, অর্থনৈতিক ও মানসিকভাবে অনেক বাধা পেরোতে হয়েছে। যাই হোক, আমি হয়তো যোগ্য ছিলাম না। কমিটিতে যাদের নাম এসেছে তাদের সবাইকে শুভকামনা।

ইমন মোল্লার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ এটিকে সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করলেও, অনেকেই অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হওয়ার অভিযোগ তুলছেন।

ইমন মোল্লার পোস্টে সকিবুুল হাসান সাব্বির নামের একজন মন্তব্য করেন, সত্যিকারের নেতা পদবীতে নয়, ত্যাগে মহৎ হয়। নেতৃত্ব দেওয়া একটি গুণ, পদ-পদবী কেবল নামমাত্র। দিনশেষে মেধাবী, সৎ ও শিক্ষার্থীবান্ধব ছাত্রনেতাদেরই জয় হোক এই কামনাই করি ইমন মোল্লা ভাই।

অন্যদিকে আব্দুল কাইয়ুম মুন্সি নামে আরেকজন লেখেন, দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে ছিলা, আর এখন কমিটি পাচ্ছে যারা সেই সময়ে মাঠে ছিল না। কষ্ট পেয়ো না ইমন, ধৈর্য ধরো। এর থেকেও বড় কিছু হয়তো তোমার জন্য অপেক্ষা করছে।

শেয়ার করুন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন