ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহত সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবার বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সীমাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মানিক হোসেন জানান, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে নবীর হোসেনের সঙ্গে সীমার বিয়ে হয়। তাঁদের সংসারে ১৯ মাস বয়সী একটি ছেলে রয়েছে। স্বামী সৌদি আরবে থাকলেও দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার রাত এবং বুধবার সকালেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তিনি অভিযোগ করেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের কারণেই তাঁর বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 12

Views: 5

শেয়ার করুন