গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন বললেন হাজীগঞ্জের শাকিল আহমেদ প্রিন্স

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী শাকিল আহমেদ প্রিন্স তাঁর বিরুদ্ধে প্রকাশিত গ্রেপ্তারি পরোয়ানা–সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন।

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, সিআর মামলা নং–৮১৮/২৫–এ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাঁর দাবি, ওই মামলায় তিনি আগেই আদালত থেকে জামিন নিয়েছেন এবং এ–সংক্রান্ত আদালতের প্রয়োজনীয় নথিপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

বিবৃতিতে শাকিল আহমেদ প্রিন্স বলেন, তিনি মামলাটির আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। ফলে তাঁকে গ্রেপ্তার এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তিনি আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে আইনগতভাবে মামলাটির মোকাবিলা করছেন।

শাকিল আহমেদ প্রিন্স বলেন, “যে মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হচ্ছে, সেই মামলায় আমি আগেই আদালত থেকে জামিন নিয়েছি। তাই আমাকে নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

উল্লেখ্য, সিআর মামলা নং–৮২৮/২৫–এ হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ও হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী এবং আইনজীবী শাহরিয়ার আহমেদ শাওনের নামও রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সম্পাদকের নোট: এই প্রতিবেদনে শাকিল আহমেদ প্রিন্সের লিখিত বক্তব্য ও দাবি তুলে ধরা হয়েছে। মামলাটি বিচারাধীন হওয়ায় অভিযোগ ও দাবিগুলোর চূড়ান্ত সত্যতা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ খ্রি
.

 

Views: 2

শেয়ার করুন