ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শংকর চন্দ্র শীল(৭০) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেল তলা নামক স্থানে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি অবসরপ্রাপ্ত সরকারী জীবি ছিলেন। মৃত ব্যক্তি ফরিদগঞ্জ পৌরসভাধীন দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা ও তিন সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা নারায়ন রবিদাস বলেন, নারিকেল তলা এলাকায় পাড়া গাব্দেরগাঁও কালীগাছ তলায় রাস্তা পারাপার হয়ে ধর্মীয় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন শংকর চন্দ্র শীল। এসময় দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে শংকর চন্দ্র শীল সড়কে লুটিয়ে পড়ে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম প্রাপ্ত হয়।
পরে দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। ঘাতক মোটর সাইকেল চালককে আটক ও মোটর সাইকেলটি জব্দ করা যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র (আরএমও) মুজাম্মেল হোসেন বলেন, গুরুতর আহতবস্থায় শংকর চন্দ্র শীলকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, খবর পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তার পরিবারের সাথে যোগাযোগ করে অভিযোগের প্রেক্ষিতে ঘাতক মোটর সাইকেলটি জব্দ ও চালককে চিহ্নিত করে আটক করা হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 81






















