ফরিদগঞ্জ বাজারে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, নীরব প্রশাসন ও পৌর প্রশাসক!

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রধান বাজারের পেছনের গলিতে ড্রেন, ফুটপাত ও সড়কের অংশ দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সামনের গলিসহ বাজারের বিভিন্ন স্থানে যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

অভিযোগ রয়েছে, ড্রেনের স্লাব ও সড়কের একাংশের ওপর দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন কয়েকজন দোকানি। ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও প্রশাসন ও পৌর প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জনসাধারণের চলাচলের পথ দখল হয়ে থাকলেও তা উচ্ছেদে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এতে দখলদারদের দৌরাত্ম্য বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন তীব্র হচ্ছে।

জনগণের চলাচলের পথ দখল হয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা কেন—এ প্রশ্ন এখন ফরিদগঞ্জ পৌরবাসীর মুখে মুখে। নাগরিকদের প্রত্যাশা, পৌর প্রশাসক সরেজমিনে বাজার পরিদর্শন করে ড্রেন ও ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পৌর নাগরিক সমাজের দাবি, কোনো ব্যক্তি বা ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থে জনসাধারণের চলাচলের অধিকার বাধাগ্রস্ত হতে পারে না। অবিলম্বে দখলমুক্ত অভিযান পরিচালনা, যানজট নিরসন এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন