বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মামলায় মতলব উত্তরের ৩ বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত

সফিকুল ইসলাম রানা :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পারভেজ বেপারী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় মতলব উত্তর উপজেলার তিন বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. রিয়াজুল ইসলাম রিয়াজ (৫০), বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূইয়া (৪৪) এবং বিএনপি সমর্থক আলাউদ্দিন বেপারী বাদী মো. সবুজ ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩১২ জনকে আসামি করে হত্যা মামলা (সিআর ৩১৬/২০২৫) দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই (২০২৪) শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে উত্তর বাড্ডা সুবান্ধ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে পারভেজ বেপারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তবে মামলায় নাম আসা মতলব উত্তর উপজেলার ওই তিন বিএনপি নেতার দাবি, তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। নিহতের পরিবারও জানায়, তারা উক্ত ব্যক্তিদের চিনেন না।

মো. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাস্থলে আমার উপস্থিতি ছিল না। স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের নাম জড়িয়েছে।

বাদী জানেন না আসামী কারা

তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ লালন করে বিএনপি রাজনীতি করি, আমাকে ৫ই আগস্টের পরে বিভিন্ন মামলায় জড়ানোর নীল নকশা চালাচ্ছে একটি কুচক্রী মহল।

মনির হোসেন ভূইয়া বলেন, ঘটনাস্থল ঢাকা, অথচ আমাকে মতলব উত্তর থেকে মামলায় আসামি করা হয়েছে। নিহতের পরিবারও আমাকে চেনে না। এটি সম্পূর্ণ মিথ্যা মামলা।

আলাউদ্দিন বেপারী বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আমাকে জড়ানো হয়েছে।

নিহতের পিতা ও মামলার বাদী মো. সবুজ বলেন, আমার ছেলেকে দিনের আলোতে আন্দোলনের সময় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই বলেই মামলা করেছি। কিন্তু মামলায় যেসব নাম এসেছে, তাদের অনেককে আমি চিনি না। বিশেষ করে মতলব উত্তর উপজেলার তিনজনের নাম কেন অন্তর্ভুক্ত হয়েছে, আমি জানি না। আমি তাদের কাউকে চিনিও না।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার জটিল ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আমাদের নেতাদের নাম ঢুকিয়ে সরকার বিরোধী আন্দোলনকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, রিয়াজ, মনির, আলাউদ্দিন জাতীয়তাবাদী আদর্শে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণসহ বিএনপির দলীয় সকল প্রোগ্রামে অংশ গ্রহণ করেছেন। এদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাই।

শেয়ার করুন
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন