‘ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে

মতলব উত্তর প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে, তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যে সংসদ আসবে, যারাই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যেই আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং আপনাদের কাছে এসেছি। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ আরও বলেন, দেশে যারা ভারতের দালালি করছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পাশে থাকুন। জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই। জামায়াতে ইসলাম ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ও আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।
তিনি বলেন, আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ, তাঁর পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।
এসময় তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহ-রসূলের প্রতি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
সমাবেশের প্রধান বক্তা এলডিপির মহাসচিব ও পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী ও তার দল আর কোনোদিনই দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
তিনি আরও বলেন, ভারত আমাদের ৪১টি নদীর প্রবাহ রোধ করে রেখেছে। আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে ক্ষমতায় এলে আমরা ভারতের কাছ থেকে আমাদের পানির ন্যায্য অধিকার আদায় করব ইনশাআল্লাহ। যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Views: 0
























